Home খেলাধুলা নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

0

স্পোর্টস ডেস্ক ।।

নেইমার অধ্যায়ের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে শুরু হচ্ছে নতুন গল্প। আইকনিক এই জার্সির নতুন মালিক হয়েছেন রাফিনিয়া।

ব্রাজিলের নতুন চক্রের প্রথম আন্তর্জাতিক সূচিতে বার্সেলোনার এই তারকাকেই দেওয়া হয়েছে নেইমারের পরম্পরার ১০ নম্বর।
গতকাল রাতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য দলের জার্সি নম্বর প্রকাশ করেছে। সেই তালিকায় রাফিনিয়ার নামের পাশে রয়েছে ১০ নম্বর। বিষয়টি প্রথমে জানিয়েছে ইএসপিএন।

সর্বশেষ ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছেন নেইমার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও এই নম্বর ছিল তার গায়ে। এবার নতুন চক্রে সেই জার্সিই উঠছে রাফিনিয়ার গায়ে।

রাফিনিয়া অবশ্য আইকনিক ১০ নম্বর জার্সিতে একেবারে নতুন নন। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও তিনি ১০ নম্বর পরেছিলেন। তবে বার্সেলোনার এই তারকা অতীতে বেশিরভাগ সময় ব্রাজিলের হয়ে ১১ নম্বর জার্সি পরেছেন।

রাফিনিয়া ১০ নম্বর জার্সি পাওয়ায় তার পুরোনো ১১ নম্বর গেছে এস্তেভাওয়ের হাতে। ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন ৭ নম্বরেই। আর ৯ নম্বর পেয়েছেন এনদ্রিক।

নতুন চক্রে রাফিনিয়ার সামনে বড় দায়িত্ব। নেইমারের রেখে যাওয়া আইকনিক জার্সি পরে ব্রাজিলকে নতুন পথ দেখানোর চ্যালেঞ্জ এখন তার।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।