Home আঞ্চলিক শেখ হাসিনা দেশে ফেরার দুঃস্বপ্ন দেখছেন ; শফিকুল আলম তুহিন

শেখ হাসিনা দেশে ফেরার দুঃস্বপ্ন দেখছেন ; শফিকুল আলম তুহিন

5

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, ‘২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ৫ আগস্ট যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, বাংলার মাটিতে তাদের আর কোনো দিন পুনর্বাসন বা ঠাঁঁই হবে না। ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে।
সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও দেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে নগরীর রয়েল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

শেখ হাসিনা দেশে ফিরবেন- আর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ঘরে বসে থাকবে- এটা কি সম্ভব? প্রশ্ন করে তিনি বলেন, ‘২৪-এর ৫ আগস্ট বাংলার মাটি থেকে এই ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে। ক্ষমতার লোভে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। তাদের পুলিশই স্বীকার করেছে ‘একটা গুলি করি, একজন মরে,আরো তিনজন এগিয়ে আসে’। এই বর্বর গণহত্যার পর তাদের আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকে না।

বিগত ১৭ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরে তুহিন বলেন, শেখ হাসিনা গত ১৭ বছরে দেশ থেকে ৩৩ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বিনা কারণে জেল খাটিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দেননি-এমনকি একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোর জানাজায়ও অংশ নিতে দেওয়া হয়নি। আমাদের শত শত নেতাকর্মীর মা-বাবা, ভাই-বোন মারা গেলেও কারাবন্দী অবস্থায় তাদের শেষবারের মতো জানাজা পড়ার সুযোগটুকুও দেয়নি তৎকালীন জালিম সরকার।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতদিন আমাদের শরীরে শহীদ জিয়ার আদর্শের রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসররা বাংলার মাটিতে আর প্রবেশ করতে পারবে না। তাকে দেশে ফিরতে হলে ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরতে হবে।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা’র নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন। মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান,মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি ও ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।