মিলি রহমান।।
গরমের দিনে যেমন পেটের নানা সমস্যা দেখা দেয়, বর্ষাতেও তা থেকে পুরোপুরি রেহাই মেলে না। পেট ভালো রাখার অন্যতম উপায় হিসেবে প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
টক দই, ছাস, লস্যি পেটের জন্য উপকারী। অনেকে আবার নিয়মিত ইয়োগার্টও খান।
তবে এই তালিকায় যোগ করতে পারেন জনপ্রিয় পানীয় ‘আম্বালি’। পানীয়টি যেমন সুস্বাদু, তেমনই গাঁজন প্রক্রিয়ায় তৈরি হওয়ায় এতে উপকারী ব্যাকটেরিয়াও তৈরি হয়।
ফলে পেটফাঁপা ও হজমের মতো সমস্যা কমাতে এটি সহায়ক হতে পারে। শুধু হজমের জন্যই নয়, আম্বালিতে থাকা ক্যালশিয়াম ও আয়রন হাড় মজবুত রাখতে এবং রক্তাল্পতার সমস্যা কমাতেও সহায়তা করতে পারে। এতে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। পাশাপাশি আম্বালি শরীর ও পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে।
যেভাবে তৈরি করবেন আম্বালি
এই পানীয় তৈরি করা খুব একটা কঠিন নয়। প্রথমে ৪-৫ টেবিলচামচ রাগির আটা এক কাপ পানিতে ভালোভাবে গুলে নিন। এরপর মিশ্রণটি একটি পাত্রে নিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর রাগির মিশ্রণটি জমাট বেঁধে যাবে। এবার একটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে তার মধ্যে গোল গোল করে রাগির মিশ্রণটি দিয়ে দিন। পাত্রটি ঢেকে রাতভর গরম কোনো জায়গায় রেখে দিন।
সকালে ঢাকনা খুললে পানির ওপর ফেনা দেখা যাবে। এর অর্থ মিশ্রণটি ঠিকভাবে মজেছে। এবার একটি কাঠের লাঠি বা উপযুক্ত কোনো সরঞ্জাম দিয়ে পানি ও রাগির মিশ্রণ ভালোভাবে গুলিয়ে নিন।
এরপর এতে সৈন্ধব লবণ ও টক দই যোগ করুন। লস্যি তৈরির মতো করে লাঠি বা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে গ্লাসে ঢেলে পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি ও জিরাগুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে কয়েক টুকরো বরফও যোগ করতে পারেন।










































