Home আঞ্চলিক রফিক বাহিনীর দুই সহযোগী রিভলবার ও ৪১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার

রফিক বাহিনীর দুই সহযোগী রিভলবার ও ৪১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার

7


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘রফিক বাহিনী’র দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানার মধ্য হরিণটানা এলাকার একটি বাসার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবারসহ মোট ৪১টি তাজা কার্তুজ ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শেষ রাতে খুলনা সদর থানার এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল টুটপাড়া সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সকাল পৌনে সাতটার দিকে লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানায় আবিদ হাসান রানার বাসায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধারসহ রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের রফিক বাহিনীর সহযোগী হিসেবে স্বীকার করেছে এবং খুলনা মহানগরীতে অবস্থানরত অন্য সন্ত্রাসীদের কাছে বিভিন্ন সময় অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা প্রদান করত বলে জানা গেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এ চক্রের অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।