স্পোর্টস ডেস্ক ।।
ইংল্যান্ডে জন্ম হলেও শেকড় তার বাংলাদেশে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে উঠে আসা ১৯ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ এবার গায়ে জড়াতে যাচ্ছেন লাল-সবুজ জার্সি।
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হতে পারে বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক। মাঠে নামার আগেই নিজের বড় স্বপ্নের কথা জানিয়েছেন এই তরুণ।
জাতীয় দলের জার্সিতে হামজা চৌধুরীর সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে বাংলাদেশকে জেতাতে চান তিনি। ফিফা আসিয়ান কাপে অংশ নিতে কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থান করছে।
এবারের স্কোয়াডে বিদেশে জন্ম নেওয়া তিন প্রবাসী ফুটবলারের একজন ফারহান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাকার্তায় দলের অনুশীলনের ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানিয়েছেন তিনি।
প্রথমবার জাতীয় দলের অংশ হতে পেরে উচ্ছ্বসিত ফারহান বলেন, ‘এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা দারুণ। দলের সবাই আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে, আপন করে নিয়েছে এবং সবসময় সমর্থন দিচ্ছে। এই দলের অংশ হতে পেরে আমি সত্যি গর্বিত।’
বাংলাদেশ দল নিয়েও আশাবাদী ফারহান। তার বিশ্বাস, বর্তমান দলটি একসঙ্গে ভালো কিছু করার সামর্থ্য রাখে। তিনি বলেন, ‘দল হিসেবে আমরা সত্যিই দারুণ কিছু গড়তে পারি এবং নতুন কিছু গড়ে তুলতে পারি।’
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে উঠলেও ফারহানের পরিবারের শেকড় বাংলাদেশে। তাই বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে পরিবারের কাছ থেকেও পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি।
ফারহান বলেন, ‘আমার সিদ্ধান্তে তারা খুব খুশি হয়েছে। আমি ভবিষ্যতেও তাদের গর্বিত করে যেতে চাই।’
বাংলাদেশের জার্সিতে ফারহানের অন্যতম বড় অনুপ্রেরণা হামজা চৌধুরী। গত বছর জাতীয় দলে অভিষেক হওয়া হামজাকে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের জন্য রোল মডেল মনে করেন তিনি। মাঠে হামজার সঙ্গে বোঝাপড়া গড়ে তোলার আশাও করছেন এই তরুণ উইঙ্গার।
ফারহানের ভাষায়, ‘হামজা দক্ষিণ এশিয়ার ফুটবলারদের জন্য একজন রোল মডেল। আশা করি, মাঠে তার সঙ্গে ভালো একটা বোঝাপড়া তৈরি করতে পারব এবং বাংলাদেশকে জেতাতে সাহায্য করতে পারব।’
নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেতে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে ধারে যোগ দিয়েছেন ফারহান। সেখানে এরই মধ্যে চারটি ম্যাচ খেলেছেন তিনি।
এবার জাকার্তায় জাতীয় দলের হয়ে নতুন অধ্যায়ের অপেক্ষায় এই তরুণ। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপের ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।










































