ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।।
যশোরের ঝিকরগাছায় একাদশ শ্রেণির এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর কথিত বিয়ের আয়োজন পন্ড করে তাকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোড়সংলগ্ন একটি কালভার্টের ওপর এ আয়োজন চলাকালে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার ক্ষরণখালী গ্রামের তপন ও অর্পণা বসুর মেয়ে ঐশ^রিয়া বসু স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। পরিবারের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে প্রথমে ট্রেনে ঝিকরগাছায় আসেন। পরে মোবারকপুর রেললাইন এলাকার এক নারীর বাড়িতে প্রায় তিন দিন অবস্থান করেন বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, ওই নারীসহ কয়েকজনের উদ্যোগে কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছিল। বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোড়সংলগ্ন কালভার্টের ওপর খোলা জায়গায় কাজী ডেকে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাইলে কথিত বর ও বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয় এক চা-দোকানি শিমুল কিশোরীকে নিরাপদ স্থানে রাখেন। খবর পেয়ে ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এসআই হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ জানান, কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ের আয়োজনের সঙ্গে কারা জড়িত ছিল, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











































