স্পোর্টস ডেস্ক ।।
মাঠের বাইরেও আয়ের নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের (এপিএল) একটি অভিনব ও আধুনিক সম্প্রচার মডেলের সুবাদে নিজের স্যোশাল প্ল্যাটফর্মের ফলোয়ারদের কাজে লাগিয়ে বড় অঙ্কের অর্থ আয় করার সুযোগ পাচ্ছেন এই মহাতারকাসহ অন্য খেলোয়াড়রা।
লিগ কর্তৃপক্ষের চালু করা এই নতুন ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘শেয়ার অ্যান্ড আর্ন’। এই উদ্যোগের আওতায় তারকা খেলোয়াড় এবং কনটেন্ট ক্রিয়েটররা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিগের ম্যাচের কাস্টম লিঙ্ক শেয়ার করতে পারবেন। কোনো দর্শক সেই লিঙ্কে ক্লিক করে ম্যাচ দেখলে, সাবস্ক্রিপশন বা পে-পার-ভিউ (পিপিভি) থেকে আসা আয়ের একটি নির্দিষ্ট অংশ সরাসরি সেই খেলোয়াড় পাবেন।
ডিজিটাল দুনিয়ায় সব মিলিয়ে ১ বিলিয়নেরও বেশি ফলোয়ার থাকা রোনালদো যদি এই উদ্যোগে অংশ নেন, তবে এটি তার জন্য অবিশ্বাস্য রকমের লাভজনক হবে।
প্রথাগত টেলিভিশন সম্প্রচারের বাইরে গিয়ে সৌদি লিগ কর্তৃপক্ষ মূলত আধুনিক ডিজিটাল দুনিয়ার তারকাদের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে নতুন প্রজন্মের ফুটবল ভক্তদের ‘সৌদি প্রো’ লিগকে কাছে পৌঁছাতে চাচ্ছে।
পর্তুগিজ এই মহাতারকা ২০২২ সালে আল-নাসর ক্লাবে যোগ দিয়েছিলেন, যা সৌদি ফুটবলকে রাতারাতি বিশ্বমঞ্চে লাইমলাইটে নিয়ে আসে। তবে এই নতুন আয়ের সুযোগ এমন এক সময়ে এলো যখন রোনালদো ইঙ্গিত দিয়েছেন, চলতি মৌসুমটিই হতে পারে ফুটবলার হিসেবে তার ক্যারিয়ারের সর্বশেষ মৌসুম এবং এরপরই তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিতে পারেন।











































