স্পোর্টস ডেস্ক ।।
চলতি মৌসুমে গোলের বন্যা বইয়ে দিচ্ছে বার্সেলোনা। লা লিগায় ছয় ম্যাচ শেষে কাতালান ক্লাবটির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। ক্লাবটির লিগ ইতিহাসে মৌসুমের প্রথম ছয় ম্যাচে এর চেয়ে বেশি গোলের নজির নেই।
তবে লা লিগার ইতিহাসে এই সময়ের মধ্যে বার্সেলোনার চেয়ে বেশি গোল করেছে শুধু সেভিয়া। ১৯৪০-৪১ মৌসুমে প্রথম ছয় ম্যাচে ৩২ গোল করেছিল তারা।
তবে গোলের পাশাপাশি আরেকটি কীর্তিতে সেভিয়াকে ছাড়িয়ে গেছে বার্সেলোনা। চলতি মৌসুমে প্রথম ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
বার্সেলোনার এই দুর্দান্ত গোল-উৎসবের অন্যতম নায়ক রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম সাত ম্যাচেই ১১ গোল করেছেন ২৯ বছর বয়সি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শুধু গোল নয়, সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়েছেন তিনি। অর্থাৎ দলের মোট ১৪টি গোলে সরাসরি অবদান রেখেছেন রাফিনিয়া।
তার এই দুর্দান্ত শুরুতেই উঠে এসেছে লিওনেল মেসির সঙ্গে তুলনা। বার্সেলোনার জার্সিতে ২০১২-১৩ মৌসুমে প্রথম সাত ম্যাচে ১০ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছেন রাফিনিয়া। সাত ম্যাচে তার গোল ১১টি।
লা লিগাতেও মেসির আরেকটি কীর্তির পাশে নাম লিখিয়েছেন রাফিনিয়া। ২০১৭-১৮ মৌসুমে লিগের প্রথম ছয় ম্যাচে মেসি করেছিলেন ৯ গোল। চলতি মৌসুমে একই সংখ্যক ম্যাচে রাফিনিয়ার গোলও ৯টি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম সাত ম্যাচের হিসাবে মেসিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।











































