স্পোর্টস ডেস্ক ।।
মাঠে খেলার সময় হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার এক বছর পর চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল ও রেসিং লুইসভিলের মিডফিল্ডার সাভানাহ ডেমেলো।
মৃত্যুর দুয়ার থেকে ফেরা ডেমেলোর অভিযোগ, হৃদযন্ত্রের গুরুতর সমস্যা থাকার পরও তা সঠিকভাবে শনাক্ত ও চিকিৎসা করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর সিয়াটলের বিপক্ষে ম্যাচে মাঠেই জ্ঞান হারান ডেমেলো। পরে তার হৃদযন্ত্রে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ধরা পড়ে। সেই ঘটনার এক বছর পর জেফারসন সার্কিট কোর্টে মামলা করেন তিনি।
মামলায় ইউনিভার্সিটি অব লুইসভিল হেলথ এবং দুই চিকিৎসক জেনিফার ডেইলি ও সরবজিৎ সুরিকে বিবাদী করা হয়েছে।
ডেমেলোর অভিযোগ, এর আগে বুকে ব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকার পরও তার হৃদ্যন্ত্রের সমস্যা যথাযথভাবে শনাক্ত করা হয়নি। চিকিৎসকদের এই অবহেলাকে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডেমেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এক বছর আগে ফুটবল খেলার সময় আমি শনাক্ত না হওয়া হৃদযন্ত্রের ছন্দের সমস্যার কারণে জ্ঞান হারাই। যার ফলে আমার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। গত বছর মানসিকভাবে কতটা কঠিন ছিল, তা পুরোপুরি ভাষায় প্রকাশ করতে পারব না।’
ইউনিভার্সিটি অব লুইসভিল হেলথ জানিয়েছে, মামলা চলমান থাকায় তারা এ বিষয়ে মন্তব্য করতে পারবে না। ডেমেলোর ক্লাব রেসিং লুইসভিলও কোনো বিবৃতি দেয়নি।
চলতি মৌসুম শেষে ইউনিভার্সিটি অব লুইসভিল হেলথের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে রেসিং লুইসভিল। ডেমেলোর বর্তমান চুক্তির মেয়াদও মৌসুম শেষে ফুরাবে। তবে ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। কদিন আগেই পূর্ণ অনুশীলনে ফিরেছেন ২৮ বছর বয়সী ডেমেলো। আগামী ২৫ সেপ্টেম্বর তার খেলতে নামার সম্ভাবনা আছে।











































