স্পোর্টস ডেস্ক ।।
কারাবাও কাপে ইপ্সউইচ টাউনের বিপক্ষে জোড়া গোল করে নিজের জাত চেনালেন আর্সেনালের ইংলিশ তারকা ম্যাক্স ডাউম্যান। দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন এই তরুণ প্রতিবাবান।
তার এই চোখধাঁধানো পারফরম্যান্সের পর ফুটবলপ্রেমীরা মনে করিয়ে দিচ্ছেন কেন গানার কোচ মিকেল আর্তেতা তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছিলেন।
ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের ৪-২ ব্যবধানের দুর্দান্ত জয়ের পেছনে মূল নায়ক ছিলেন এই তরুণ মিডফিল্ডার। ম্যাচে ডাউম্যানের অসাধারণ ড্রিবলিং ও প্রতিপক্ষের রক্ষণভাগকে ছত্রভঙ্গ করে দেওয়ার দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে। আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা বেশ কিছুদিন আগেই ডাউম্যানের অবিশ্বাস্য প্রতিভা নিয়ে মন্তব্য করেছিলেন।
তিনি বলেছিলেন, মাত্র ১৫ বছর বয়সে ডাউম্যান মাঠে যা করে দেখিয়েছে, তা তিনি আর কোনো ফুটবলারের ক্ষেত্রে দেখেননি। বলের ওপর চমৎকার নিয়ন্ত্রণ, গতি এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করার ও সুযোগ তৈরি করার সহজাত ক্ষমতা রয়েছে এই তরুণ উইঙ্গারের। যা তাকে মহাতারকা লিওনেল মেসির সাথে তুলনীয় করে তুলেছে। এতে ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে স্বয়ং কোচও ডাউম্যানের খেলার মধ্যে তরুণ লিওনেল মেসির ঝলক দেখতে পান।
ইপ্সউইচের বিপক্ষে ডাউম্যানের এই পারফরম্যান্স প্রমাণ করেছে যে আর্তেতার সেই মূল্যায়ন মোটেও বাড়াবাড়ি ছিল না, বরং আর্সেনালের একাডেমিতে ভবিষ্যতের এক বিশ্বমানের মহাতারকা তৈরি হচ্ছে।











































