Home খেলাধুলা স্প্যানিশ ক্লাবের মালিক হচ্ছেন মেসি

স্প্যানিশ ক্লাবের মালিক হচ্ছেন মেসি

2

স্পোর্টস ডেস্ক ।।

ফুটবল মাঠের পর এবার ক্লাব মালিকানায় আরও এক ধাপ এগোলেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের দল সিডি এলদেনের শতভাগ শেয়ার কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন আর্জেন্টাইন তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, ক্যাদেনা সের ও এএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এলদেনের মালিকানায় থাকা কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান টিএইচ সলিউশনস গ্রুপের কাছ থেকে সব শেয়ার কিনেছেন মেসি। তবে স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদ (সিএসডি) অনুমোদন না দেওয়া পর্যন্ত চুক্তিটি পুরোপুরি কার্যকর হবে না। অনুমোদনের পর মেসির উপস্থিতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

চলতি মাসের শুরুতে এলদেনের মালিকানা নেওয়ার বিষয়ে মেসির সঙ্গে নীতিগত সমঝোতার খবর প্রকাশিত হয়েছিল। এরপর নিরীক্ষা, আইনি প্রক্রিয়া ও চুক্তিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এখন বাকি রয়েছে শুধু সিএসডির অনুমোদন।

এলদেন হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে গত এপ্রিলে নিচের সারির লিগে খেলা কাতালান ক্লাব ইউই কর্নেয়ার সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনেছিলেন তিনি।

সম্প্রতি স্পেনের দ্বিতীয় বিভাগে ফেরা এলদেন চলতি মৌসুমে প্রথম জয় পেয়েছে স্পোর্টিং গিজনের বিপক্ষে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জয়ে সমর্থন জানিয়েছিলেন মেসি। এরই মধ্যে দলটির কোচিং কাঠামোতেও পরিবর্তন এসেছে। ক্লদিও বারাগান দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছেন জোসেপ ফেরান্দো। নতুন কোচ হিসেবে হাভি কায়েখার নামও আলোচনায় রয়েছে, যদিও তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি।

মেসির মালিকানায় আসার খবরে এলদা শহর ও ক্লাবকে ঘিরে আগ্রহ বেড়েছে। স্থানীয় প্রশাসনও এর আগে নীতিগত সমঝোতার বিষয়টি নিশ্চিত করে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষার কথা জানিয়েছিল।