কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা মহিলা দলের সভাপতি দিলরুবা মিজান। স্বামী শহীদ ঢালী মিজানুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে তিনি নির্বাচনী মাঠে সরব ভূমিকা রাখছেন।
দিলরুবা মিজানের রাজনীতি ও জনসেবায় রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা। তিনি ইতিপূর্বে আমাদী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে একাধিকবার সফল মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের পাশে থাকায় তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাঁর এই রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও নতুন করে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
মনোনয়ন প্রত্যাশার বিষয়ে দিলরুবা মিজান বলেন, “আমার স্বামী শহীদ ঢালী মিজানুর রহমানের স্বপ্ন ছিল এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানো। অতীতে যেমন মেম্বার হিসেবে সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। দল যদি আমাকে ধানের শীষের মনোনয়ন দেয় এবং এলাকাবাসী সুযোগ দেন, তবে আমাদী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
আসন্ন নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত এই নেত্রীর প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দিলরুবা মিজানের অনুসারী ও শুভানুধ্যায়ীরা সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।









































