বিনোদন ডেস্ক।।
স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে নতুন পণ্য উন্মোচনের আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়, বর্ণিল ও উৎসবমুখর।

জাকজমকপূর্ণ ও আনন্দঘন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করেছে স্টেপ ফুটওয়্যার।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির প্রতিষ্ঠানের নতুন পণ্যগুলোর বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা, আরাম ও ব্যবহারিক দিকসহ সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নতুন পণ্যসম্ভার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, “স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।”









































