বিনোদন ডেস্ক।।
ইউটিউব স্টার (বিবি-কি-ভাইন্স) ভুবন বাম ও নির্মাতা নিখিল আদভানির নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এর ট্রেলার আজ (১৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভুবন বাম ও নিখিল আদভানির সঙ্গে ট্রেলার দেখার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভিডিওটি দুটি ফ্রেমে বিভক্ত। এক অংশে দেখা যায়, ভুবন ও নিখিলের সঙ্গে বসে আইপ্যাডে ‘দ্য রেভলিউশনারিজ’-এর ট্রেলার দেখছেন সালমান। অন্য অংশে দেখানো হয়েছে সিরিজটির ট্রেলারের বিভিন্ন দৃশ্য।
ট্রেলারটি দেখার পর সালমানকে বেশ আগ্রহী ও উচ্ছ্বসিত বলেই মনে হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ‘দ্য রেভলিউশনারিজ’ হ্যাশট্যাগ ব্যবহার করেন।
ভুবন বাম, রোহিত সরাফ, গুরফতেহ পিরজাদা ও প্রতিভা রান্তা অভিনীত সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের কয়েকজন গুরুত্বপূর্ণ বিপ্লবীর গল্প উঠে এসেছে এতে। তাঁদের মধ্যে রয়েছেন রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল, বাঘা যতীন ও প্রতিভা লাহিড়ী।
সিরিজটি সঞ্জীব সান্যালের বই ‘রেভলিউশনারিজ: দ্য আদার স্টোরি অব হাউ ইন্ডিয়া ওয়ন ইটস ফ্রিডম’ অবলম্বনে নির্মিত। নিখিল আদভানি সিরিজটির নির্মাতা ও পরিচালক। এমে এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মনীষা আদভানি ও মধু ভোজওয়ানি।
‘দ্য রেভলিউশনারিজ’-এর চিত্রনাট্য লিখেছেন সানযুক্তা চাওলা শেখ, অক্ষিতা ওয়াধওয়ানা, শোভিত নারাং ও রুতভি মেহতা। প্রধান চরিত্রগুলোর পাশাপাশি সিরিজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম ও টোটা রায়চৌধুরী।
হিন্দি ভাষায় নির্মিত সিরিজটির তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও বাংলা ডাব সংস্করণও রয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে ‘দ্য রেভলিউশনারিজ’-এর।









































