Home খেলাধুলা এশিয়াডের আগে শিরোপা জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে হৃদয়

এশিয়াডের আগে শিরোপা জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে হৃদয়

2

স্পোর্টস ডেস্ক।।

আসন্ন এশিয়ান গেমসের (এশিয়াড) আগে নিজেকে দারুণভাবে ঝালিয়ে নিলেন টেবিল টেনিস খেলোয়াড় মোহতাসিন আহমেদ হৃদয়। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে সমাপ্ত চার দিনব্যাপী ‘উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট’-এর পুরুষ এককে চ্যাম্পিয়ান হয়েছেন তিনি।

ফলে ঘরোয়া এই আসরে সেরার মুকুট পরেই এশিয়াডের বিমানে উঠছেন হৃদয়।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত হৃদয় বলেন, এশিয়াডের মতো বড় আসরে যাওয়ার আগে ঘরোয়া প্রতিযোগিতায় নিজেকে প্রমাণের একটা দারুণ মঞ্চ পেয়েছিলাম। চ্যাম্পিয়ান হয়ে সেই দক্ষতার প্রমাণ দিতে পেরেছি। আশা করি, এশিয়ান গেমসেও দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারব।
‘তবে এশিয়াডগামী দলে থাকা অন্য দুই প্যাডলার রামহীম লিয়ন বম ও সোনম সুলতানা সোমার পথচলা থেমেছে সেমিফাইনালেই। নিজেদের পারফরম্যান্স নিয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে সোমার কণ্ঠে, ‘খুব একটা ভালো হলো না, চ্যাম্পিয়ান হতে পারলে বেশি খুশি হতাম।

তবে এশিয়ান গেমসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ শিরোপা জিততে না পারলেও এশিয়াডে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন রামহীমও।
আসন্ন এশিয়াডে এই তিনজনের পাশাপাশি লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন ইমরুল কায়েস ইমন, সামান্থা হোসেন তুশি এবং নওরিন সুলতানা মাহি।

এদিকে টুর্নামেন্টের অন্যান্য বিভাগের লড়াইও ছিল বেশ জমজমাট। পুরুষ এককে হৃদয়ের কাছে হেরে রানারআপ হয়েছেন জাভেদ। অন্যদিকে নারী এককে রেশমী তঞ্চঙ্গ্যাকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন সাদিয়া রহমান মৌ।

বয়সভিত্তিক ক্যাটাগরিতে অনূর্ধ্ব-১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ান এবং নাফিজ ইকবাল রানারআপ হয়েছেন। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন খই খই সাই মারমা, এখানেও রানারআপ হয়েছেন রেশমী। এছাড়া অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মৃদুল রহমান চ্যাম্পিয়ান ও শাহীন আহম্মেদ রানারআপ এবং বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ান ও রাফিয়া চৌধুরী রানারআপের ট্রফি জিতে নিয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টের পর্দা নামার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু।