স্পোর্টস ডেস্ক।।
ভারতীয় ক্রিকেটে দেখা গেল নতুন এক নজির। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের আগে ‘বন্দে মাতরম’ গাইলেন যশপ্রীত বুমরাহ-শ্রেয়াস আইয়ার-বৈভব সূর্যবংশীরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা গেল এই দৃশ্য। ম্যাচ শুরুর আগে প্রথমে পুরো ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়। এরপর ভারত ও আফগানিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের কোনো ম্যাচের আগে জাতীয় সংগীতের আগে ‘বন্দে মাতরম’ পরিবেশনের ঘটনা এটাই প্রথম।
বিষয়টি নিয়ে স্টেডিয়ামে উপস্থিত অনেকেই বিস্মিত হন। কারণ, এর আগে ভারতীয় দলের ম্যাচগুলোতে সাধারণত শুধু জাতীয় সংগীতই পরিবেশন করা হতো। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়নি।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার পর এই পরিবর্তন এসেছে। সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর প্রথম ছয়টি স্তবক পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় গান ‘বন্দে মাতরম’ শেষ হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। পুরো ‘বন্দে মাতরম’ পরিবেশনে সময় লাগে প্রায় ১৯০ সেকেন্ড।
১৮৮২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস ‘আনন্দমঠ’-এ প্রথম প্রকাশিত হয় ‘বন্দে মাতরম’। ভারতের স্বাধীনতা আন্দোলনেও গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আর ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন অধনিায়ক জয় হে’-এর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।











































