মিলি রহমান।।
শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য, কিন্তু কখনও কখনও বারবার পানি খেতে একঘেয়ে লাগতে পারে। অনেকে পানির স্বাদ বাড়াতে পানিতে লেবু যোগ করেন। অনেকের হয়তো জানা নেই, পানিতে সবজি যোগ করেও পুষ্টিকর পানীয় তৈরি করা যায়। সেক্ষেত্রে শসা ব্যবহার করতে পারেন। পানিতে ভরপুর সবজিটি প্রায়ই সালাদে ব্যবহার করা হলেও নিয়মিত পানীয় জলের সাথে মেশালে প্রচুর উপকারিতা পেতে পারেন। নিয়মিত শসা ভেজানো পানি খেলে শরীরের যেসব উপকারিতা হয়-
রক্তচাপ কমায়
দীর্ঘমেয়াদে ক্রমাগত উচ্চ রক্তচাপ থাকা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি হাইপারটেনশনের ঝুঁকিতে ফেলে। সাধারণত অতিরিক্ত লবণ গ্রহণের ফলে এ সমস্যা বাড়ে। এর ফলে শরীরে আরও বেশি তরল জমা হয় এবং উচ্চ রক্তচাপ দেখা দেয়। অন্যদিকে, শসার পানি আপনার শরীরে সোডিয়ামের মাত্রা একটি স্বাস্থ্যকর পর্যায়ে ধরে রাখতে সাহায্য করে, যা উচ্চ রক্তচাপের রোগীদের উপশম পেতে সহায়তা করতে পারে। নিয়মিত শসার পানি পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে
যারা ওজন কমাতে চাইছেন তারা শসা ভেজানো পানি খেতে পারেন। পুষ্টিসমৃদ্ধ এই পানীয় খেলে পেট ভরবে, সেই সঙ্গে এই পানীয়তে থাকা শসাও খেতে পারবেন।
বিষাক্ত পদার্থ বের করে দেয়
শসা ভেজানো পানি শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করতে পারে। এই সবজিতে থাকা বিটা-ক্যারোটিন এবং ভিটামিন সি শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে ভূমিকা রাখে।
শরীরকে আর্দ্র রাখতে উপকারী
গ্রীষ্মকালে শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। যদিও পানি পান করলে শরীর ভালোভাবে আর্দ্র থাকে, তবে ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য পানিতে শসার টুকরো যোগ করে শরীরকে অতিরিক্ত শক্তি দেওয়া যেতে পারে। এই পানি পান করলে অল্প সময়ের মধ্যেই সতেজ বোধ করবেন!
ভিটামিন ও খনিজ
শসায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ যেমন- ভিটামিন এ, সি, বি-৬, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। নিয়মিত শসা ভেজানো পানি খেলে শরীর পুষ্টি পাবে।
হাড়কে সুস্থ রাখে
হাড় সুস্থ রাখতে শরীরে প্রোটিনের প্রয়োজন হয়। শসায় থাকা ভিটামিন কে আমাদের শরীরে প্রোটিন উৎপাদনে সাহায্য করে। এ কারণে প্রতিদিন শসার পানি পান করলে তা হাড়ের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাড়কে মজবুত রাখতে সাহায্য করার জন্য এটি সবচেয়ে সহজ উপায়। যেহেতু প্রতিদিন পানি পান করা উচিত, সে কারণে শসা দিয়ে একে আরও পুষ্টিকর করে তোলে।
মুখের দুর্গন্ধ থেকে রক্ষা করে
শসার পানি পান মুখের দুর্গন্ধ থেকে রক্ষা করতে সাহায্য করবে। অনেক সময় খাবার খাওয়া এবং মুখের সঠিক যত্নের অভাবে ব্যাকটেরিয়া সহজেই আমাদের মুখে বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু যখন পানিতে শসা যোগ করা হয় তখন এই সমস্যা অনেকটাই কমানো যায়। কারণ এই পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে ভূমিকা রাখে।
সুত্র: হেলদি বিল্ডার্জড










































