Home Lead খুলনাকে অস্থিতিশীল করার চেষ্টা: ৩৫জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা

খুলনাকে অস্থিতিশীল করার চেষ্টা: ৩৫জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা

167


শামিম শিকদার।।


খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, রাষ্ট্রবিরোধী চক্রান্ত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গতিশীলতা ফেরানোর অপচেষ্টার অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সোয়া ৫টায় সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী মোড় থেকে তেঁতুলতলাগামী পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন ও দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে একদল নেতাকর্মী ঝটিকা মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধাওয়া করে দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।


এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানার সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) মোঃ আব্দুল মান্নান বাদী হয়ে ১০ সেপ্টেম্বর রাতেই ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮/৯(৩)/১০/১৩ ধারায় মামলাটি দায়ের করেন (মামলা নং-১৩)।


মামলায় অভিযুক্ত এজাহারনামীয় প্রধান আসামিরা হলেন-মোঃ তনু সরদার, মোঃ ইব্রাহিম হোসেন, সোহাগ হাওলাদার, আইনাল, নাছির, সিরাজ, মোঃ পারভেজ, ইসরাফিল সরদার, চান মিয়া ওরফে চান্দু এবং জাকির। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইনস্পেক্টর মোহাম্মদ শাহাদাত জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে এজাহারনামীয় পলাতক আসামি এবং নাশকতার নেপথ্যে থাকা অজ্ঞাতনামা ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে নগরজুড়ে পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।