স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে মাদক ও চোরাচালান বিরোধী জোরদার তল্লাশি চলাকালে ১৪ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত (WINCEREX) এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯:১০ ঘটিকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট সংলগ্ন পূবালী ব্যাংকের এটিএম বুথের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট বসায় হরিণটানা থানা পুলিশ। এ সময় ওই পথ দিয়ে যাওয়া সন্দেহভাজন এক পথচারীকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছে থাকা ১৪ বোতল অবৈধ কোডিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের কুলিয়া চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ কারিকরের ছেলে মোঃ হাসানুজ্জামান গাজী ওরফে মোঃ হাসানুর কারিকর (৪৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে নগরীর বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছে।
এ বিষয়ে হরিণটানা থানা সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-১, জি আর নং-৬৯, তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬)। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের জোগানদাতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।








































