স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নকরণ এবং গাড়ি ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রবিরোধী নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৩সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের চৌকস অভিযানে ঝটিকা মিছিল থেকে ২ জন এবং পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গভীর রাতে আরও ১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:১০ ঘটিকায় সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী মোড় থেকে তেঁতুলতলাগামী পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে উসকানিমূলক স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। সরকার উৎখাত ও খুলনাকে অস্থিতিশীল করার লক্ষ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ এবং ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে ধাওয়া দিয়ে মিছিল থেকে দুজনকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুজন হলেন-গোবরচাকা নবীনগর এলাকার মৃত ইসলাম সরদারের ছেলে মোঃ তনু সরদার (৩৩) এবং শেখপাড়া মেইন রোড এলাকার মোঃ এসকেন মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (২৮)। ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত উসকানিমূলক ব্যানার এবং তাদের ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়।
পরবর্তীতে এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৩, তারিখ: ১০/০৯/২০২৬)।
মামলা রুজুর পর সংগৃহীত ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭:২০ টায় খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে এ ঘটনার অন্যতম সন্দেহভাজন আসামি মোঃ সোহাগ হাওলাদারকে (৪০) তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
কেএমপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। খুলনা মহানগরীকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ও নাশকতামূলক অপচেষ্টা কঠোর হস্তে দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।








































