Home আঞ্চলিক ভাঙ্গা জানালা-দরজা: কেসিসির ২৭নম্বর ওয়ার্ডে চরম জন দুর্ভোগ, সেবা বঞ্চিত নগরবাসী

ভাঙ্গা জানালা-দরজা: কেসিসির ২৭নম্বর ওয়ার্ডে চরম জন দুর্ভোগ, সেবা বঞ্চিত নগরবাসী

9


সৈয়দ মাহফুজুল আলম রাজন।।


ভবনের গা বেয়ে পড়ছে প্লাস্টার, জানালা-দরজার কবাট ভাঙা, আর পুরো কার্যালয়জুড়ে বিরাজ করছে ভৌতিক অন্ধকার। জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ ভবনে থমকে গেছে দৈনন্দিন কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ের এই বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক।


সরজমিনে দেখা যায়, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে এবং ভবনের ইট-প্লাস্টার খসে পড়ার আশঙ্কায় আতঙ্কে থাকেন অফিসে আসা সেবাপ্রার্থীরা। কার্যালয়ের অধিকাংশ দরজা-জানালা ভাঙা অবস্থায় রয়েছে। আধুনিক নগর সেবার যুগে এমন এক জরাজীর্ণ অবস্থায় চলছে কেসিসির এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক শাখা।


চরম গরম আর অন্ধকারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও নাগরিকেরা নাগাল পাচ্ছেন না প্রত্যাশিত সেবার। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, চারিত্রিক সনদসহ জরুরি কাজের জন্য এসে চরম ক্ষোভ ও হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে খালি হাতে ফিরছেন বয়োবৃদ্ধ ও নারী সেবাপ্রার্থীরা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি দায়িত্বশীল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয় যদি এমন অভিভাবকহীন ও জরাজীর্ণ অবস্থায় পোঁছায়, তবে নগরবাসী কোথায় যাবে? অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার এবং বিরামহীন বিদ্যুৎ সংকট নিরসন করে স্বাভাবিক নাগরিক সেবা ফিরিয়ে আনার জন্য খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।