স্টাফ রিপোর্টার।।
অবশেষে খুলনা ওয়াসার বহুল আলোচিত ও বিতর্কিত উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজ ঝুমুর বালাকে বদলি করা হয়েছে। একই সাথে খুলনা ও যশোরের স্থানীয় সরকার বিভাগেও রদবদল আনা হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বাশিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা মিজ ঝুমুর বালাকে (পরিচিতি নম্বর ১৬২৩৯) খুলনা ওয়াসা থেকে বদলি করে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, যশোরের বর্তমান ডিডিএলজি মো. রফিকুল হাসানকে (১৬৮৮৯) খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া খুলনার বর্তমান ডিডিএলজি মো. আরিফুল ইসলামকে (২০৫৮৮) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে থাকাকালীন ঝুমুর বালার বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির খবর প্রকাশিত হয়। তাঁর এই বদলির খবরে খুলনা ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন মহলে স্বস্তি নেমে এসেছে।











































