Home Uncategorized ২ নম্বর আসামির নাম বাদ না দিলে মামলা নয়: মোরেলগঞ্জে ওসির ভূমিকায়...

২ নম্বর আসামির নাম বাদ না দিলে মামলা নয়: মোরেলগঞ্জে ওসির ভূমিকায় প্রশ্ন

5

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক পরিবারের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চক্রের চুরি হওয়া বলদ গরু উদ্ধারের পর থানায় এজাহার দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এক গৃহিণী। অভিযোগ উঠেছে, এজাহারে উল্লেখিত চোরচক্রের নির্দিষ্ট এক প্রভাবশালী আসামির নাম বাদ দেওয়ার জন্য ভুক্তভোগীকে অব্যাহতভাবে চাপ দিচ্ছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। এতে ন্যায়বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

লিখিত এজাহার সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের গৃহিণী জেসমিন বেগম (৪৫) গত ২১ আগস্ট ২০২৬ তারিখ রাতে তাঁর গোয়ালঘরে থাকা একটি গাভী ও ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি গাভী ও বলদ গরু তালাবদ্ধ করে ঘুমাতে যান। ভোরবেলা উঠে তিনি দেখতে পান গোয়ালঘরের শিকল ভাঙা এবং গরু দুটি উধাও। স্থানীয়দের সহযোগিতায় খোজাখুজির একপর্যায়ে গাভীটি উদ্ধার হলেও বলদ গরুটি চুরি করে নিয়ে যায় একটি চিহ্নিত চোরচক্র।

এ ঘটনায় ভুক্তভোগী জেসমিন বেগম একই এলাকার শামীম শেখ (৩৯), মো. সজীব শেখ (২৬) ও মো. সেলিম শেখ (৪৮)-সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।

তবে ভূক্তভোগী পরিবারের অভিযোগ, লিখিত এজাহারে নাম থাকা ২ নম্বর আসামি মো. সজীব শেখকে (২৬) বাদ না দিলে মামলা নথিভুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসামিরা এলাকায় চিহ্নিত চোরচক্র হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে ঘর ও গরু চুরির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও ওসির এমন রহস্যজনক ভূমিকায় চরম নিরুপায় হয়ে পড়েছে কৃষক পরিবারটি।

ভুক্তভোগী জেসমিন বেগম জানান, “আমার সম্বলটুকু চুরি হয়ে গেল। আসামিদের নাম সুনির্দিষ্ট করে থানায় লিখিত লিখিত জমা দেওয়ার পরও ২ নম্বর আসামিকে রেহাই দিতে আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। এজাহার সংশোধন না করলে পুলিশ মামলা নিবে না বলে জানাচ্ছে।”

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়লেও পুলিশের এমন ভূমিকা অপরাধীদের আরও উৎসাহিত করবে। অবিলম্বে কোন প্রভাবশালী আসামির নাম বাদ না দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করার দাবি জানিয়েছেন তারা।