স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে চাঁদার দাবিতে দিনে-দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসী গ্রুপের সশস্ত্র সদস্যরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কেএমপির সদর থানাধীন বাগমারা মেইন রোড এলাকার ‘মা মোটরস’ এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে অলৌকিকভাবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন ব্যবসায়ী মো. আশিকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শের-এ বাংলা রোড এলাকার বাসিন্দা ও জিরো পয়েন্টের ভাঙ্গারি ব্যবসায়ী মো. আশিকুর রহমান বাগমারা মেইন রোডস্থ মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে চিহ্নিত সদস্যরা এসে দোকান ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ী আশিকুর রহমানকে উদ্দেশ্য করে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ করে।
গুলিটি আশিকুর রহমানের শরীর ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানের ঝুলিয়ে রাখা একটি ওয়ালমেট ভেদ করে পেছনের দেওয়ালে গিয়ে আঘাত হানে। এতে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। গুলি চালানের পরই দ্রুত মোটরসাইকেল হাঁকিয়ে স্থান ত্যাগ করে।
ভুক্তভোগী আশিকুর রহমান জানান, একটি সন্ত্রাসী গ্রুপের সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরেই তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এর আগেও ভয়ভীতি দেখিয়ে তারা তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করেছিল। সর্বশেষ ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাঁকে চূড়ান্তভাবে হত্যার উদ্দেশ্যেই এই গুলি চালানো হয়েছে।
খবর পেয়ে খুলনা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত হিসেবে দেওয়াল থেকে গুলির খোসা ও আলামত সংগ্রহ করেছে। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এ ধরনের তান্ডবে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।









































