Home আলোচিত সংবাদ যমুনায় ৪১ কেজির বিপন্ন বাঘাইড়, বিক্রি ৫৩ হাজার টাকায়

যমুনায় ৪১ কেজির বিপন্ন বাঘাইড়, বিক্রি ৫৩ হাজার টাকায়

1


ঢাকা অফিস।।

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ৪১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ সকালে বাঘুটিয়া চর বাজারে মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বাঘুটিয়া বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, আজ ভোররাতে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। পরে সকালে জেলেরা মাছটি বাঘুটিয়া চর বাজারে নিয়ে আসেন।

বাজারের হোটেল মালিক মোহাম্মদ রহিজুল জানান, মো. আসিফ মিয়া, মো. ওহাব মোল্লা ও মো. মতিন শেখ ভোররাতে যমুনা নদী থেকে মাছটি ধরেন। পরে বাঘুটিয়া চর এলাকার সৌদি প্রবাসী মো. জাকির হোসাইন মাছটি কিনে নেন।


মাছটির ওজন ছিল ৪১ কেজি। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে এর মোট দাম হয় ৫৩ হাজার টাকা। পরে মাছটি ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী জানান, বন অধিদপ্তর বাঘাইড় মাছ বিক্রি নিষিদ্ধ করেছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, বাঘাইড় মাছ ধরা পড়ার তথ্য তার কাছে নেই। বন অধিদপ্তর বাঘাইড়কে বিপন্ন প্রজাতি ঘোষণা করেছে। তাই এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য বিভাগও বাঘাইড় ধরতে নিষেধ করে থাকে।