স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি চোরাই মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে ছোট বয়রা মাদ্রাসা গলি এলাকার নিউ সিটি ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির সোনাডাঙ্গা থানার ছোট বয়রা শান্তিনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মনিরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে: ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল (USA-র তৈরি), ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি, ১টি সুজুকি জিক্সার নম্বরবিহীন কালো রঙের চোরাই মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও চোরাই মোটরসাইকেল সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কেএমপি।










































