Home খেলাধুলা কলকাতার মাঠ পছন্দ হয়নি ব্রাজিলের, ভারতের বিপক্ষে খেলা কি হবে

কলকাতার মাঠ পছন্দ হয়নি ব্রাজিলের, ভারতের বিপক্ষে খেলা কি হবে

9

স্পোর্টস ডেস্ক।।

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রস্তাবিত প্রীতি ম্যাচ সামনে রেখে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম নামে পরিচিত) পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানিয়েছে, মাঠ তাদের মনঃপূত হয়নি। মাঠের মান ও প্রশিক্ষণ সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সিবিএফ প্রতিনিধি দল গত বৃহস্পতিবার (২০ আগস্ট) কলকাতায় গিয়ে মূল মাঠ, অনুশীলন মাঠ, ড্রেসিংরুম, শৌচাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে। তারা মূল মাঠের ঘাসের ঘনত্ব নিয়ে বিশেষভাবে আপত্তি জানায়। এ ছাড়া মাঠের পৃষ্ঠও কিছুটা অসমান বলে মনে হয়েছে তাদের।

মাঠকর্মীদের সঙ্গে কথা বলার সময় সিবিএফ প্রতিনিধিরা বলেন, ‘ঘাসের ঘনত্ব বাড়াতে হবে, নয়তো ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থদের চোট পাওয়ার বড় ধরনের আশঙ্কা রয়েছে।’

মাঠের এমন অবস্থার কারণ অবশ্য ব্রাজিলের প্রতিনিধিদের জানানো হয়েছে। সম্প্রতি এই মাঠে ডুরান্ড কাপের একাধিক ম্যাচ হওয়ায় ঘাসের ওপর চাপ পড়েছে বলে দাবি করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আগেই নিশ্চিত করেছে, ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারত। সিবিএফও নিজেদের ওয়েবসাইটে খেলার কথা জানিয়েছে।

তাই মাঠ নিয়ে উদ্বেগের অর্থ এই নয় যে, ম্যাচ বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সিবিএফ প্রতিনিধি দলের পরিদর্শন মূলত ম্যাচ আয়োজনের প্রস্তুতি যাচাইয়ের অংশ।

এনডিটিভি জানিয়েছে, ঘাস নিয়ে সিবিএফ প্রতিনিধি দলের দেওয়া মতামতকে নিয়মিত সতর্কতামূলক পর্যবেক্ষণ হিসেবে দেখা হচ্ছে। ম্যাচ থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই ব্রাজিলের।