Home খেলাধুলা রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু আজ

রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু আজ

3

স্পোর্টস ডেস্ক।।

রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে আবার গণমাধ্যমের সামনে এলেন হোসে মরিনহো। রিয়ালে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরুর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি ছিল ৪২ মিনিট দীর্ঘ। ২০টি প্রশ্নের উত্তর দেন তিনি এ সময়ের মধ্যে। ১৩ বছর পর রিয়ালে ফেরা এ পর্তুগিজ কোচের সংবাদ সম্মেলনের উপলক্ষ এস্পানিওলের বিপক্ষে ম্যাচ।

লা লিগা শুরু হয়েছে গত সপ্তাহে। তবে রিয়ালের অধিকাংশ খেলোয়াড় বিশ্বকাপে ব্যস্ত ছিলেন বলে এক সপ্তাহ দেরিতে লা লিগা শুরু করছেন তারা।

চাঁছাছোলা মন্তব্যের জন্য পরিচিত মরিনহোকে এবার ধীরস্থির দেখা গেল। একটা অন্য রকম দায়িত্বশীলতা ধরা পড়ল তাঁর কথা ও আচরণে। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি খোলাখুলিভাবে বলেছেন দলের কাছ থেকে কী চান। ড্রেসিংরুমে তিনি সবার আগে সুশৃঙ্খল ও সুস্থ পরিবেশ চান। মাঠে চান তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা। এর ব্যতয় হলে কেউ যে ছাড় পাবেন না, তা ইতোমধ্যে সবাই টের পেয়ে গেছেন।

প্রাক–মৌসুম প্রস্তুতির সময়ই রিয়ালে তিনটি নিয়ম বেঁধে দিয়েছেন মরিনহো। এর ব্যত্যয় হলে যত বড় তারকাই হোন না কেন শাস্তি পেতে হবে। আর প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও মরিনহোর কড়া হেডমাস্টারের রূপ দেখা গেছে। ফিওরেন্টিনার বিপক্ষে ড্র হওয়া ম্যাচে তিনি রেগে আগুন হয়ে গিয়েছিলেন, আবার শালকের বিপক্ষে বড় জয়ের ম্যাচে খুশি হয়েছিলেন ‘স্পেশাল ওয়ান’।

রিয়াল মাদ্রিদে নতুন একটি স্বর্ণযুগ আনার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেছেন মরিনহো। সে লক্ষ্যেই ম্যানসিটি থেকে রদ্রিকে আনতে না পারলেও ভিনিসিয়ুস জুনিয়রকে ধরে রেখেছেন। এছাড়া দলে টেনেছেন ইয়ান দিওমান্দের মতো তরুণ প্রতিভা; বার্নার্দো সিলভা, মার্ক কুকুরেয়া, ইব্রাহিম কোনাতের মতো প্রতিষ্ঠিত তারকাদের।

মরিনহোর মূল শক্তি যে আক্রমণভাগ তা আর বলার অপেক্ষা রাখে না। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম–এই ত্রয়ী হলো তাঁর মূল শক্তি। তাদের সঙ্গে দুরন্ত গতির উইঙ্গার দিওমান্দে যোগ দেওয়ায় আক্রমণভাগ আরও ধারালো হবে।

তবে এই চারজনকে একসঙ্গে খেলাবেন কিনা সেটি একটা প্রশ্ন। গত মৌসুমে লা লিগার সেরা গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। এবারও তাঁর ওপরই নির্ভর করছে রিয়ালের সফলতা।