আন্তর্জাতিক ডেস্ক।।
৮০তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছে ভারত। এদিন পশ্চিমবঙ্গসহ দেশটির প্রত্যেকটি রাজ্যের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা।
শনিবার (১৫ আগস্ট) দিনের শুরুতে নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে স্বাধীনতা দিবসের ভাষণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ৬টি বড় প্রতিশ্রুতির কথা জানালেন তিনি।
আগামী দিনে সরকারি উদ্যোগে এক কোটি তরুণ-তরুণীকে এআই প্রশিক্ষণ, প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে বিনামূল্যে অনলাইন কোচিং ছাড়াও এসেছে সিভিল ডিফেন্স সংস্কার, সেমিকন্ডাক্টর উৎপাদন, পরমাণু শক্তি সম্প্রসারণ প্রসঙ্গ। একই সময়ে হিংসা আর অরাজকতা ছড়ানোয় নকশাল ও মাওবাদীদের সমাজ থেকে উৎখাতের মৌখিক হুঁশিয়ারি দিয়েছেন মোদি।
এদিন দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে- ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ডাক দিলেন নরেন্দ্র মোদি। বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল তরুণ প্রজন্মকে নিয়ে সরকারের ভাবনা। যদিও এর মাত্র কয়েকদিন আগে যে তরুণদের আন্দোলন টলিয়ে দিয়েছিল মোদির আত্মবিশ্বাস। পদ ছাড়তে হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর।
স্বাধীনতার ৮০ বছরে পা দিল ভারত। এ উপলক্ষে স্বাধীনতা মঞ্চ থেকে এ নিয়ে টানা ১৩ বার বিশেষ এই দিবসের ভাষণ দিলেন মোদি। ছাড়িয়ে গেলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড। মোদি এই ৭৮ মিনিটের ভাষণের প্রতিপাদ্য ছিল বিকশিত ভারত-২০৪৭, সপ্তধারা, আত্মনির্ভর ভারত, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম নীতিসহ আরো বেশ কিছু বিষয়। বহু প্রতিশ্রুতির মধ্যে বড় ঘোষণা ছিল ৬টি, যার ৩টিই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে।
শুরুতেই তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে এক কোটি তরুণ-তরুণীকে এআই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ সময় গেল ফেব্রুয়ারির এআই শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন তরুণদের মধ্যে এআই দক্ষতার প্রসার ঘটাতে হবে।
নরেন্দ্র মোদি বলেন, আমরা ঠিক করেছি, আগামী এক বছরে এক কোটি তরুণ-তরুণীকে এআই প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করব। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম-প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের তরুণরা যখন একের পর এক আন্দোলন-অনশন কর্মসূচির ডাক দিয়ে যাচ্ছে তখন মোদির প্রতিশ্রুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনা মূল্যে অনলাইন কোচিং চালু করবে সরকার। গরিব ও মধ্যবিত্ত শ্রেণির আর আক্ষেপ থাকবে না।
নরেন্দ্র মোদি বলেন, আমরা তরুণদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফ্রি অনলাইন কোচিং সুবিধা চালু করব। আমাদের ডিজিটাল খাত যথেষ্ট শক্তিশালী। আমাদের কাছে প্রতিভাবান শিক্ষক আছে।
মোদির আশ্বাস, ক্রীড়াঙ্গনে শিশুদের অংশগ্রহণ বাড়াতে ৫-১৫ বছর বয়সীদের নিয়ে খেলাধুলার প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন করবে সরকার।
এ ছাড়া তরুণদের নিয়ে পরিকল্পনা জানানোর পর ভারতের সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে সরকারের পরিকল্পনা জানান মোদি। তিনি বলেন, আগামী ১-২ বছরের মধ্যে ৭ থেকে ৮টি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র চালু করার লক্ষ্যে কাজ করছে সরকার।
এছাড়াও, ২০৪৭ সালের মধ্যে ভারতের পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০০ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেন মোদি। তিনি বলেন, ৬ থেকে ৭ বছরের মধ্যে পাঁচটি নতুন পরমাণু রিঅ্যাক্টর চালু করার পরিকল্পনা করছে সরকার।
প্রযুক্তিতে দক্ষ যুবসমাজ, শক্তিশালী প্রতিরক্ষা, উন্নত খেলাধুলার পরিকাঠামো এবং নিজস্ব শিল্পক্ষমতা গড়ে তোলা- মূলত এই বিষয়গুলোতেই জোর দেন ভাষণে। তবে এই আশা-আকাঙ্ক্ষার কথা শোনানোর পাশাপাশি, নকশাল ও মাওবাদীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দিয়েছেন মোদি। সতর্ক করেন, হিংসা, অরাজকতা তৈরির সুযোগ খুঁজছে নকশালবাদীরা।
এদিন সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও প্রতিটি ক্লাব, সংগঠনের তরফে পালিত হচ্ছে দিবসটি। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তেও ছিল সৌহার্দ্যের ছবি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন। বিএসএফের ১৭৮ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন ১৭৮ ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড শৈলেন্দ্র সিং। পরবর্তীতে বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেন। পাশাপাশি বাংলাদেশের বিজিবির হাতেও মিষ্টি তুলে দিয়ে সৌহার্দ্যের বার্তা দেন বিএসএফ কর্মকর্তারা।











































