Home আঞ্চলিক ১৫ আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অপচেষ্টা: খুলনায় সাবেক দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

১৫ আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অপচেষ্টা: খুলনায় সাবেক দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

95

স্টাফ রিপোর্টার।

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা ও উপস্থিতি জানান দেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। এ ঘটনায় গভীর রাতে খাবার বিতরণের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর অভিযোগে দৌলতপুর থানা পুলিশ ছাত্রলীগের সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো—১. দৌলতপুর থানার পাবলা কারিকর পাড়ার কাজী মুন্সির ছেলে পারভেজ হাসান (২৯) এবং ২. পাবলা কেশবলাল রোডের কবির বটতলা এলাকার মোঃ কামরুজ্জামানের ছেলে মোঃ সাব্বির হোসেন সৈকত (২৮)। উভয়েই সাবেক ছাত্রলীগ সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের তিন সদস্য ১০ প্যাকেট তেহারী কিনে খালিশপুর আবু নাসের মোড়, গোয়ালখালি মোড় এবং দৌলতপুর থানাধীন লেকভিউ রেস্টুরেন্টের সামনে কৌশলগতভাবে কিছু লোককে জড়ো করে খাদ্য বিতরণ করে। পরে উক্ত খাবার বিতরণের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। মূলত ১৫ আগস্টকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে পূর্বস্মৃতি জাগ্রত করা এবং নিষিদ্ধ সংগঠনের প্রচার চালানোই ছিল তাদের মূল উদ্দেশ্য।

বিষয়টি নজরে আসার পর কেএমপির দৌলতপুর থানার একটি চৌকস দল ডিজিটাল নজরদারি ও ছবি পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় ‘অপু’ নামে অপর এক পলাতক সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের অপতৎপরতা বা আইনবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না। জননিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।