শামিম শিকদার।।
ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্য নিয়ে পরিচালনাধীন খানা তথ্যভাণ্ডার তৈরি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে খুলনা। এই বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট নিয়োগ প্রক্রিয়ায় চরম অসন্তোষ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
উদ্ভূত পরিস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে বিতর্কিতদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় বক্তারা এই অভিযোগ তোলেন।
সভায় নগর বিএনপির শীর্ষ নেতারা বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ, যার মাধ্যমে প্রকৃত দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো রাষ্ট্রের সহায়তার আওতায় আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, খুলনায় খানা তথ্যভাণ্ডারের সঠিক তথ্য সংগ্রহ ও তদারকির জন্য যাদের সুপারভাইজার ও তথ্য সংগ্রাহক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের একটি বড় অংশই বিতর্কিত ও সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। এ ধরনের ব্যক্তিদের দিয়ে তথ্য সংগ্রহ করানো হলে প্রকৃত সত্য আড়াল হবে এবং হাজার হাজার যোগ্য পরিবার এই সামাজিক নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হবে।
প্রস্তুতি সভায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদের বিরুদ্ধে সরাসরি ষোড়যন্ত্র ও প্রশাসনিক অনিয়মের গুরুতর অভিযোগ তোলেন নেতৃবৃন্দ। বিএনপির নেতারা দাবি করেন, কেসিসির সিইও রাজিব আহমেদ একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়নে চক্রান্তমূলকভাবে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
প্রশাসনিক পদে থেকে এমন পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর ভূমিকা পালন অত্যন্ত ন্যাক্কারজনক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি, প্রশাসনিক চক্রান্ত বা বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে তৈরি খানা তথ্যভাণ্ডার মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সংশোধন না করা হলে খুলনা সিটি করপোরেশনের সামনে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার কথা ব্যক্ত করেন তারা।
এদিকে মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় বিস্তর আলোচনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে খুলনার প্রতিটি ওয়ার্ডে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং যেকোনো প্রশাসনিক ও রাজনৈতিক চক্রান্ত নস্যাৎ করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার শক্ত আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
উক্ত প্রস্তুতি সভায় খুলনা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










































