মহানগর বিএনপির দোয়া মাহফিল শনিবার
খবর বিজ্ঞপ্তি।।
দেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত এই নেত্রী ১৯৪৫ সালের আজকের দিনে (১৫ আগস্ট) দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার। দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। জিয়া-খালেদা দম্পতির দুই সন্তান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পিনু আর মরহুম আরাফাত রহমান কোকো।
১৯৮১ সালের ৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। ততদিন অবধি সাধারণ আটপৌরে গৃহবধূই ছিলেন খালেদা জিয়া। শেষাবধি দলের নেতা-কর্মীদের দাবির টানে ঘরের চৌহদ্দি ডিঙ্গিয়ে নামতে হয় রাজপথে। ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় তিনি আপসহীন নেত্রী হিসাবে পরিচিত হয়ে ওঠেন। স্বৈরাচারের পতনের পর নির্বাচনে জনগণ বেছে নেন তাকেই। রাজপথ হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। তিনবার সর্বাধিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় মাত্র ২ কোটি টাকার সাজানো মামলার ফরমায়েশী রায়ে কারারুদ্ধ করে শেখ হাসিনার সরকার। পুরানো কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী রাখার ফলে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন। ২০২০ সালে করোনাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানে ভাড়া বাসায় এনে বন্দী রাখা হয় খালেদা জিয়াকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও বার বার পরিবারের পক্ষ থেকে করা আবেদন শেখ হাসিনার সরকার নাকচ করে দেয়। বেগম খালেদা জিয়া হৃদযন্ত্র, লিভারের সমস্যা, ডায়াবেটিস, চোখ ও হাঁটুর সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। এরই মধ্যে করোনা, হার্ট ও লিভারের সমস্যায় বার বার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বেগম খালেদা জিয়ার বন্দীত্বকালে তার বড় পুত্র তারেক রহমান লন্ডনে থেকেই দলকে তৃণমূল শক্তিতে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর অগণিত ভক্ত রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, শুভাকাক্সক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
বিএনপির কর্মসূচি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আজ (শনিবার) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে খুলনা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।










































