Home জাতীয় বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের ঘটনায় সেই ইউএনওকে প্রত্যাহার

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের ঘটনায় সেই ইউএনওকে প্রত্যাহার

0


ঢাকা অফিস।।


ময়মনসিংহে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের ঘটনায় ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে আরাফাত সিদ্দিকীকে তার বর্তমান কর্মস্থল ত্রিশাল থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


সম্প্রতি ত্রিশালের একটি বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।


ঘটনার পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দীর্ঘ সময় কার্যালয়ে না পাওয়ার অভিযোগও ওঠে। এতে বিভিন্ন সরকারি সেবা নিতে উপজেলা কার্যালয়ে আসা সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন বলে জানা যায়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘স্যার বিকেল ৪টা পর্যন্ত অফিসে আসেননি। আমি ৪টার পর অফিস থেকে চলে এসেছি। কেন তিনি অফিসে আসেননি, সে বিষয়ে আমার জানা নেই।’

উল্লেখ্য, আরাফাত সিদ্দিকী ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বদলির পর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।