Home আন্তর্জাতিক হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

0

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসিত গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে ‘সত্যিকার অর্থে’ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শেষ দিকে হামাস যে ১৫ দফা নথিতে সম্মতি জানিয়েছিল, সেটি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ১৫ দফা নথিটি প্রত্যাখ্যান করছে’।

মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাসকে ‘সত্যিকার অর্থে’ নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না।

একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এমন তৎপরতা প্রতিহত করা অব্যাহত থাকবে।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ঘোষিত যুদ্ধবিরতির সর্বশেষ ধাপ হিসেবে ওই নথিটি সামনে আসে।

যুদ্ধবিরতির ফলে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। পরিকল্পনায় বলা হয়েছিল, হামাস তাদের অস্ত্র একটি নবগঠিত ফিলিস্তিনি শাসক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।

পরিকল্পনা অনুযায়ী, হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু করবে। তবে ইসরায়েল এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটি একই সঙ্গে হামাসকে তার অস্ত্রভাণ্ডার ধ্বংস করারও দাবি জানাচ্ছে।

নেতানিয়াহু বলেন, পরিকল্পনাটি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তাদের আপত্তিগুলোও জানানো হয়েছে।

তিনি বলেন, ‘তাদের কিছু ধারণা আছে; এর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে নিজেদের অবস্থানে কীভাবে অটল থাকতে হয়, তা আমরা জানি।’

নেতানিয়াহু আরও বলেন, হামাসকে তাদের সব অস্ত্র ত্যাগ করতে হবে। তবে ‘বোর্ড অব পিস’-এর সদস্যরা মনে করেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার এই লক্ষ্য বাস্তবে অর্জন করা কঠিন।

নেতানিয়াহু বলেন, ‘আমরা প্রকৃত নিরস্ত্রীকরণের কথা বলছি, কাল্পনিক কোনো নিরস্ত্রীকরণের কথা নয়।’