Home আঞ্চলিক দামুড়হুদায় সরকারি শতবর্ষী গাছ নিধনে অভিনব চক্রান্ত: ডাল কেটে পলিথিন মোড়ানোর অভিযোগ

দামুড়হুদায় সরকারি শতবর্ষী গাছ নিধনে অভিনব চক্রান্ত: ডাল কেটে পলিথিন মোড়ানোর অভিযোগ

5

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রধান সড়কের পাশের শতবর্ষী রেইনট্রি গাছ নিধন ও সরকারি সম্পদ ধ্বংসের এক অভিনব কৌশল অবলম্বন করেছে একটি অসাধু চক্র। অভিযোগ উঠেছে, সড়কের পাশে থাকা বিশাল আকৃতির সরকারি গাছটির মোটা মোটা ডাল ধাপে ধাপে কেটে দুর্বল করার পর কাটা অংশ পলিথিন দিয়ে মুড়িয়ে গোপন করে রাখা হচ্ছে।

দামুড়হুদা উপজেলার জয়রামপুর ডাক্তারপাড়া এলাকায় প্রধান সড়কের পাশে মৃত মজিদ বিশ্বাসের ছেলে সাইদারের বাড়ির সামনে থাকা বড় আকৃতির রেইনট্রি গাছটি ঘিরে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেইনট্রি গাছটির কয়েকটি মোটা ডাল কৌশলে কাটা হয়েছে। প্রথমে ডালের একাংশ কেটে তা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়, যাতে সাধারণ পথচারী বা দূর থেকে কেউ বুঝতে না পারে। কয়েক দিন পর একই ডালের আরও কিছু অংশ কেটে ডালটিকে জীর্ণ ও দুর্বল করে ফেলা হয়। এ ছাড়া গাছের গোড়ার শিকড় কুপিয়ে কেটে ফেলা এবং গাছে ক্ষতিকর বালাইনাশক বা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে শুকিয়ে মারার অপচেষ্টার স্পষ্ট চিহ্ন দেখা গেছে।

কৌশলে অর্ধকাটা ও পলিথিনে মোড়ানো এসব ভারী ডাল এখন সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো মুহূর্তে সামান্য বাতাসেই ডালগুলো ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন গাড়িচালক লিয়াকত আলী, ভ্যানচালক হায়াত আলী, অটোচালক হাফিজুর রহমানসহ স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও আলমগীর হোসেন। তাঁরা অবিলম্বে ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের পাশাপাশি সরকারি সম্পদ ধ্বংসের পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনগত শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে নজর দেওয়া হলে উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রি জানান, অনুমতি ছাড়া সরকারি গাছের ডালপালা কিংবা শিকড় কাটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণ মানুষের সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।