Home আঞ্চলিক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ২৪ দিনেও অধরা অপরাধীরা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ২৪ দিনেও অধরা অপরাধীরা

16


স্টাফ রিপোর্টার।।


খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে ৪ জন সাংবাদিককে লক্ষ্য করে সংঘটিত চাঞ্চল্যকর গুলিবর্ষণের ঘটনার ২৪দিন পার হলেও অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘসূত্রতায় ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন খুলনায় কর্মরত সাংবাদিকরা। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও তথ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


উল্লেখ্য, গত ১৪ জুলাই রাত ১২টা ৫ মিনিটের দিকে জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলেন সংবাদকর্মীরা। এ সময় সাতরাস্তার দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দুই হেলমেট পরিহিত যুবক তাদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলিবর্ষণ করে দ্রুত পালিয়ে যায়।


ছোড়া গুলিটি অলৌকিকভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান ও এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতির বসার প্লাস্টিকের টুলের পায়ে বিদ্ধ হয়। তবে গুলির স্প্লিন্টারের আঘাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ সামান্য আহত হন। ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল এবং দৈনিক আমাদের সময় ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীর।


ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার আশ্বাস দেয়। তবে ঘটনার ২৪ দিন অতিবাহিত হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিএফইউজে, কেইউজে, এমইউজেসহ দেশের পেশাজীবী সাংবাদিক সংগঠনগুলো।


এতদিন হয়ে গেলো হামলার মূল পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, খুলনায় অতীতে অনেক সাংবাদিক খুন হয়েছে কিন্তু সনাক্ত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। তিনি বলেন আগের পথেই হাটছে পুলিশ।


খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন বলেন, খুলনার জাতিসংঘ পার্কের সামনে চার সাংবাদিককে লক্ষ্য করে সংঘটিত চাঞ্চল্যকর গুলিবর্ষণের ঘটনাটি ভিন্নখাতে মোড় ঘোরাতে মেতে উঠেছেন এক সাংবাদিক নেতা। চার সহকর্মীর প্রাণনাশের চেষ্টার পরও সত্য উদ্ঘাটনের বদলে পুরো ঘটনাকে ওই নেতার আড়াল করার মরিয়া চেষ্টা জনমনে একাধিক গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে মূল পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।


মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই সাইদুর রহমান বিশ্বাস বলেন, তদন্ত চলছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে ক্লু উদঘাটন সম্ভব হবে।