মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শামীম হোসেন (২৪) নামের এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মনিরামপুর পৌরসভার বালুহাটা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন খুলনা মহানগরীর খালিশপুর থানার নওয়াবাটী (গোয়ালপাড়া, এনপি-৫৫, রোড নং-২৭) এলাকার শেখ আকতার আলীর বড় ছেলে। তিনি পেশায় ট্রাক ও পিকআপ ভ্যানের হেলপার ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় রাজশাহী থেকে আখের গুড় বোঝাই করে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড-১২-৬৫৩৬) খুলনার কপিলমুনির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ৫ আগস্ট রাত আড়াইটার দিকে মনিরামপুর পৌরসভার বালুহাটা এলাকায় পৌঁছালে পিকআপের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা হেলপার শামীম গুরুতর আহত হয়ে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপের সামনের অংশ কেটে শামীমকে মারাত্মক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনায় নিহতের বাবা শেখ আকতার আলী বাদী হয়ে মনিরামপুর থানায় একটি লিখিত আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬১, তারিখ: ০৫/০৮/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করছে।











































