বিনোদন ডেস্ক।।
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তার ব্যক্তিগত গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির কয়েকটি ছবি প্রকাশ করেন মৌসুমী। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি।’
দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। তিনি লেখেন, ‘শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।’
ঘটনার ভয়াবহতা তুলে ধরে মৌসুমী আরও জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, ‘যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে সে উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজার দিকে আঘাত করত, তাহলে হয়তো আমিও আজ জীবিত থাকতাম না।’
পিকআপ চালকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন এই উপস্থাপক। তিনি দাবি করেন, চালক অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল। মৌসুমীর ভাষ্য, চালকের আচরণ দেখে তার মনে হয়েছে, তিনি হয়তো মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে পিকআপটির মালিক এসে জানান, ওই চালকের সেদিন গাড়ি চালানোর কথা ছিল না। এ বিষয়ে নিশ্চিত নন বলেও উল্লেখ করেছেন তিনি।
পোস্টের শেষদিকে মৌসুমী লেখেন, ‘বেঁচে আছি, ভালো আছি। এটাই সবচেয়ে বড় কথা।’ তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।











































