সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা আদালত চত্বর থেকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামিকে অল্প সময়ের মধ্যেই জনতার সহায়তায় পুনরায় আটক করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আটক আসামি মো. আজমাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা এবং একটি মাদক মামলার আসামি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদালতে হাজির করার জন্য আনা অবস্থায় হাতকড়া পরিহিত আজমাইন কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। পরে তিনি শহরের পলাশপোল বউবাজার এলাকায় পৌঁছলে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন।
সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে মাসুদ রায়হান বলেন, হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তি বউবাজার দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে আটক করি এবং ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করি।
সাতক্ষীরা আদালতের পরিদর্শক মো. মঈনুদ্দীন বলেন, আশাশুনি থানা থেকে আদালতে আনা এক আসামি আদালত চত্বর থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে বউবাজার এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পালিয়ে যাওয়ার অল্প সময়ের মধ্যেই আসামিকে পুনরায় আটক করায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।











































