স্পোর্টস ডেস্ক।।
অপরাধ করলে শাস্তি পেতেই হবে। এর কোনো বিকল্প নেই।
ব্যতিক্রম হলো না বোদুগুম অখিলেশ রেড্ডির ক্ষেত্রেও। ম্যাচ ফিক্সিংসহ আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে যুক্তরাষ্ট্রের স্পিনারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ভারতীয় বংশোদ্ভূত অখিলেশের শাস্তি অবশ্য ইতিমধ্যেই কার্যকর হওয়া শুরু হয়েছে।
গত বছরের ২১ নভেম্বর থেকে। সেদিনই ২৬ বছর বয়সী স্পিনারকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়।
অখিলেশের বিরুদ্ধে অভিযোগগুলো ২০২৫ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্ট ঘিরে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট তাকে যে তিন বিধি ভঙ্গের জন্য শাস্তি দিয়েছে তা নিচে তুলে ধরা হলো।
ধারা ২.১.১: ২০২৫ আবুধাবি টি-টেন টুর্নামেন্টের ম্যাচগুলোর ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা অথবা এমন ষড়যন্ত্র বা প্রচেষ্টার অংশ হওয়া।
ধারা ২.১.৪: অন্য কোনো অংশগ্রহণকারীকে ধারা ২.১.১ লঙ্ঘনে প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া, প্রভাবিত করা বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা (অথবা এমন চেষ্টা করা)।
ধারা ২.৪.৭: দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে বাধা সৃষ্টি করা, তদন্ত-সংশ্লিষ্ট হতে পারে এমন তথ্য ও মোবাইল ফোনের বার্তা মুছে ফেলা।
যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছেন অখিলেশ। সবকটি টি-টোয়েন্টিতে।
কখনো ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া ২৬ বছর বয়সী স্পিনের ঝুলিতে উইকেট মাত্র ১টি।










































