Home খেলাধুলা শুধু টিকে থাকা নয়, অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন বাংলাদেশের

শুধু টিকে থাকা নয়, অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন বাংলাদেশের

1

স্পোর্টস ডেস্ক।।

অস্ট্রেলিয়া সফর মানেই বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষা। তবে এবার সেই পরীক্ষায় শুধু লড়াই করে টিকে থাকার লক্ষ্য নিয়ে যাচ্ছে না টাইগাররা।

বরং সুযোগ পেলে ইতিহাস গড়ার বিশ্বাসও আছে দলের মধ্যে। এমনটাই মনে করেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার যখন বাংলাদেশ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল, তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান গড়ে তোলার সংগ্রাম চলছিল।

আর এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ চার দলের একটি হয়ে সেই অস্ট্রেলিয়ার মাটিতেই খেলতে যাচ্ছে বাংলাদেশ। রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাবিবুল বাশার।

সেখানে তিনি স্পষ্ট করে দেন, এবার সফরের লক্ষ্য আগের মতো শুধু প্রতিরোধ গড়ে তোলা নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখন অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা। এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’

প্রধান নির্বাচকের বিশ্বাস, দলের ক্রিকেটাররাও এই সফরকে নিজেদের ক্যারিয়ারের বিশেষ একটি সুযোগ হিসেবে দেখছেন, ‘যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই খুব এক্সাইটেড। সবাই এখানে বিশেষ কিছু করে ক্যারিয়ারের মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি চ্যালেঞ্জ অনেক বেশি। অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে থাকবে।’

অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানো সহজ নয়। তবে অসম্ভবও নয় বলে মনে করিয়ে দিয়েছেন বাশার। উদাহরণ হিসেবে টেনে এনেছেন নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের কথা।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছি। সেটাও কঠিন সফর ছিল। সেখানেও আমাদের সেরা একাদশ ছিল না, কয়েকজন চোটে ছিল। তাই কঠিন হলেও অসম্ভব কিছু নয়।’