Home খেলাধুলা প্রথমবারের মতো ভারতীয় দলে কাশ্মীরের পেসার আকিব নবী

প্রথমবারের মতো ভারতীয় দলে কাশ্মীরের পেসার আকিব নবী

0

স্পোর্টস ডেস্ক।।

জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে অভিজ্ঞ পেসার জসপ্রিত বুমরাহ ছিটকে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছিল যে, ৩২ বছর বয়সী বুমরাহর বিকল্প হিসেবে আকিব নবীই সবচেয়ে এগিয়ে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাম হাঁটুতে পাওয়া চোট থেকে বুমরাহ এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

বিসিসিআই-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নির্বাচক কমিটি বুমরাহর বদলি হিসেবে আকিব নবীর নাম ঘোষণা করেছে। জম্মু ও কাশ্মীরের এই ফাস্ট বোলার প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়ার গৌরব অর্জন করেছেন। ’

গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে আকিব নবী বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন। এই দুই মৌসুমে তিনি মোট ১০৪টি উইকেট শিকার করেছেন, যার মধ্যে কেবল ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০টি উইকেট।

জম্মু ও কাশ্মীরের ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জয়ের নেপথ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জাতীয় দলে ডাক পাওয়ার আগে তিনি সম্প্রতি শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারত ‘এ’ দলেরও সদস্য ছিলেন। সেখানে লঙ্কান কন্ডিশনে দুটি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ছয়টি উইকেট শিকার করে নির্বাচকদের নজর কাড়েন।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি গলে অনুষ্ঠিত হবে আগামী ১৫ থেকে ১৯ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি কলম্বোতে আয়োজিত হবে ২৩ থেকে ২৭ আগস্ট। এই সিরিজটি বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদূত পাডিক্কাল, সারাংশ জৈন এবং আকিব নবী।