Home আঞ্চলিক খুলনায় বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

14

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার বেলা ১২টার দিকে র‌্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম (৩০) এবং তার সহযোগী ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।

র‌্যাব জানায়, অভিযানের সময় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনি প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ তাদেরকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানায়, ‘অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।’