Home খেলাধুলা আর্জেন্টিনার ফুটবলারদের নিষেধাজ্ঞা চান না সেই গাভি

আর্জেন্টিনার ফুটবলারদের নিষেধাজ্ঞা চান না সেই গাভি

3


স্পোর্টস ডেস্ক

স্পেনের মিডফিল্ডার গাভির বিশ্বাস, বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। তবে ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড় এবং কোচিং স্টাফের কয়েকজন সদস্যের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা।

ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের ১–০ গোলের জয়ের ম্যাচে বদলি বেঞ্চে থাকা গাভি সতীর্থ এরিক গার্সিয়ার পক্ষ নিয়ে এগিয়ে গেলে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এর কয়েক সেকেন্ড আগেই পারেদেস গার্সিয়ার গলা চেপে ধরেছিলেন।

এ ঘটনার সঙ্গে জড়িত আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি হওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে গাভি বলেন, ‘না, সত্যি বলতে আমি মনে করি না তাদের নিষিদ্ধ করা উচিত।’

এদিকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পারেদেস ও নাহুয়েল মোলিনা স্পেনের এরিক গার্সিয়া ও রদ্রিকে আঘাত করছেন। এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রোবের্তো আয়ালাকেও স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা যায়।

গাভি বলেন, ‘আমি বুঝি, এটি শিশুদের জন্য ভালো উদাহরণ নয়। তবে ফুটবলের এমন একটি দিকও আছে, যেখানে কিছুটা কঠোরতা ও শারীরিক লড়াই থাকে।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতো ম্যাচ চলাকালীন তাকে মাঠ থেকে বের করে দেওয়া এবং বিষয়টি সেখানেই শেষ করা। তবে শেষ পর্যন্ত আমি মনে করি, এগুলোও ফুটবলেরই অংশ এবং বাস্তবতা এমনই।’

ম্যাচে আর্জেন্টিনার একমাত্র খেলোয়াড় হিসেবে দ্বিতীয় হলুদ কার্ড দেখে যোগ করা সময়ে মাঠ ছাড়েন এনসো ফার্নান্দেস। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল এবং শেষ বাঁশির পর অসৌজন্যমূলক আচরণের কারণে আর্জেন্টিনা দলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

রানার্সআপের পদক নিতে মঞ্চে ওঠার সময় স্পেনের খেলোয়াড়েরা আর্জেন্টিনাকে সম্মান জানিয়ে সারিবদ্ধভাবে অভিবাদন জানান। তবে স্পেন চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি উঁচিয়ে ধরার সময় লিওনেল মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়েরা মুখ ফিরিয়ে নেন; একই সম্মান তারা স্পেনকে দেখাননি।

স্পেনের উইঙ্গার দানি ওলমো বলেন, ‘মূল বিষয় হলো আপনি কী ধরনের মূল্যবোধ মানুষের কাছে পৌঁছে দিতে চান। আমরা অনেক প্রজন্মের কাছে আদর্শ। আমার মনে হয়, তাদেরও সেই দায়িত্বশীল আচরণ করা উচিত।’