মাগুরা প্রতিনিধি।।
আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না।
রবিবার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কাজ করছে। সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, দেশে ৪৫ লাখের বেশি মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্ঠু সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায়। একজন ভালো আইনজীবী দেশের সম্পদ। এ কারণে দক্ষতা বাড়াতে দেশের ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতার কারণে দেশে অনেক পুলিশ ও আমলারা চাকরি হারিয়েছে। দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচার ব্যবস্থা পেয়েছে প্রাণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।
অনুষ্ঠানে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রমুখ।








































