Home আঞ্চলিক খুলনায় ৪ সাংবাদিককে লক্ষ্য করে গুলি: হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এমইউজে’র স্মারকলিপি

খুলনায় ৪ সাংবাদিককে লক্ষ্য করে গুলি: হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এমইউজে’র স্মারকলিপি

22


স্টাফ রিপোর্টার।।


খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিককে লক্ষ্য করে অতর্কিত গুলির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা।

একই সঙ্গে নগরীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ রবিবার বিকেলে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কার্যালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে পুলিশ কমিশনার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।


এমইউজে’র পক্ষ থেকে স্মারকলিপিতে সুনির্দিষ্ট তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো-সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের দ্রুততম সময়ে শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা।

স্মারকলিপিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এই বর্বরোচিত ঘটনার পর খুলনার সাংবাদিক সমাজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অতীতে খুলনার প্রখ্যাত সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, শেখ বেলাল উদ্দিন, হারুন অর রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দুর্বল তদন্ত ও ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে অতীতের অনেক মামলায় আসামিরা পার পেয়ে গেছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, পূর্বের হত্যাকাণ্ডগুলোর সঠিক বিচার হলে বর্তমান হামলার মতো ঘটনা ঘটানোর সাহস পেত না দুর্বৃত্তরা।


নেতৃবৃন্দ দাবি করেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা বর্তমান সরকারকে বিব্রত করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিকদের ওপর এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর এই হামলা একটি গুরুতর হুমকি। সাংবাদিকরা যদি জীবনের নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা মুক্ত সাংবাদিকতার পরিসর সংকুচিত করবে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

স্মারকলিপি প্রদানকালে সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা।