স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ খেলে বেশিরভাগ ফুটবলার দেশে ফেরেন জার্সি, মেডেল বা আয়োজক দেশের কিছু স্মারক নিয়ে। খেতাব জিতলে তো কথাই নেই।
বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘরে ফেরার স্বপ্নপূরণের চেয়ে বড় কিছুই হতে পারে না। কিন্তু এখানেই তাক লাগালেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ড।
মাঠে নজর কাড়ার পরে মাঠের বাইরেও সবাইকে টেক্কা দিলেন তিনি। হাতে একটি রাকুন (এক প্রজাতির ভালুক) নিয়ে অসলো বিমানবন্দরে নামেন হাল্যান্ড।
সেই রাকুনের হাতে আবার ধরা হুইস্কিরর বোতল! হাল্যান্ডের এই ছবি দেখে অবাক নেটিজেনরা। সত্যিই কি যুক্তরাষ্ট্র থেকে নরওয়ে পর্যন্ত একটি রাকুন বয়ে এনেছেন হাল্যান্ড?
বিশ্বকাপে নরওয়ের একটি ম্যাচ হয়েছিল টেক্সাসের ডালাসে। নরওয়ে টিম সেখানে থাকার সময়ে ‘ওয়াইল্ড বিলস ওয়েস্টার্ন স্টোর’ নামে একটি দোকান থেকে এই রাকুনটি কিনেছিলেন হালান্ড। দোকানটি ওয়েস্টার্ন কালচারের সঙ্গে যুক্ত নানা ধরনের অদ্ভুত জিনিস বিক্রির জন্য পরিচিত। সেখান থেকেই এই হুইস্কি রাকুন কিনেছেন হাল্যান্ড।
এই অদ্ভুত সংগ্রহযোগ্য জিনিসটির দাম প্রায় ৭৫০ মার্কিন ডলার। বিশ্বকাপ থেকে কেনা সবচেয়ে দামি এবং অদ্ভুত স্মারকগুলির মধ্যে অন্যতম এটি।
আসল না হলেও আসলের মতোই। হাল্যান্ড কিনেছেন একটি ট্যাক্সিডার্মিড রাকুন। রাকুনের চামড়া বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে ফোম বা তারের কাঠামোর ওপর বসিয়ে জীবন্তের মতো আকৃতি দেওয়া হয়। অর্থাৎ আসলে এটি একটি স্মারক। সম্প্রতি এই ‘হুইস্কি রাকুন’-এর মতো সামগ্রী পপ-কালচার কালেক্টিবল হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে।
হাল্যান্ড নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই রাকুনের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘ও নিজেই আমার সঙ্গে বাড়ি চলে এসেছে।’ শুধু তাই নয়, নিজের নতুন ‘সঙ্গী’-র নাম কী হবে, সেটাও ভক্তদের উপর ছেড়ে দেন। তিনি চারটি নামের প্রস্তাব দেন— কাউবয়, রেঞ্জার, টেক্স এবং R.O.W. (Raccoon On Wheels)।
অবশ্য এই ঘটনা প্রথমে বিশ্বাসই করতে পারেননি নেটিজেনরা। হাল্যান্ডকে ওই ‘হুইস্কি রাকুন’ হাতে বিমানবন্দরে দেখে অনেকেই ভেবেছিলেন ছবিগুলি এডিট করা বা এআই দিয়ে তৈরি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। তবে সাতটি গোল করেন ভালো ছন্দে ছিলেন হাল্যান্ড। বিশ্বকাপে নজর কাড়ার পরে এই রাকুনের জন্য এবার ভাইরাল তিনি।










































