Home খেলাধুলা ১৫ ক্রীড়াবিদের জন্য ৩৫ জনের বহর ৪ কোটি খরচ করেও পদকের আশা...

১৫ ক্রীড়াবিদের জন্য ৩৫ জনের বহর ৪ কোটি খরচ করেও পদকের আশা নেই

3

স্পোর্টস ডেস্ক।।

চার কোটি টাকা খরচ। বহরে ৩৫ জন। ক্রীড়াবিদ মাত্র ১৫ জন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অংশগ্রহণের হিসাবটা এমনই। ১০ ডিসিপ্লিনের আসরে বাংলাদেশ অংশ নেবে চারটিতে। বাংলাদেশের লক্ষ্য কেবল ‘ভালো ফল’।

মঙ্গলবার (১৪ জুলাই) বিওএর ডাচ্-বাংলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে আসন্ন কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রস্তুতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন মহাসচিব জোবায়েদুর রহমান রানা। ২৩ জুলাই গ্লাসগোতে শুরু হবে গেমস।

বাংলাদেশের ৩৫ সদস্যের বহরে ক্রীড়াবিদ ১৫ জন। তাদের সঙ্গে সরাসরি যুক্ত কোচ ও কর্মকর্তা সাতজন। বাকি ১৩ জন বিওএ ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা। ক্রীড়াবিদের চেয়ে কর্মকর্তার সংখ্যাই বেশি। অ্যাথলেটিকসে পাঁচ অ্যাথলেটের সঙ্গে দুজন, বক্সিংয়ে তিন বক্সারের সঙ্গে দুজন, জিমন্যাস্টিকসে তিন জিমন্যাস্টের সঙ্গে একজন এবং সুইমিংয়ে চার সাঁতারুর সঙ্গে দুজন কোচ ও কর্মকর্তা থাকছেন।

প্রায় চার কোটি টাকা খরচ করেও পদকের প্রত্যাশা নেই কেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখে প্রস্তুতির ঘাটতি ও অবকাঠামো সংকটের কথা তুলে ধরেন বিওএ মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের মাত্র আড়াই মাসের অনুশীলন। ক্রীড়া স্থাপনারও অভাব রয়েছে। এমনও হয়েছে, একটি ভেন্যুতে সময় ভাগ করে চারটি ডিসিপ্লিনকে অনুশীলন করাতে হয়েছে। আড়াই মাসের প্রস্তুতি এবং ইউরোপে গেমস বলেই খরচ বেশি হচ্ছে।’

পদকের সম্ভাবনা কমে যাওয়ার আরেকটি বড় কারণ বাংলাদেশের ঐতিহ্যগত সাফল্যের দুই ডিসিপ্লিন শুটিং ও আরচারি না থাকা। জোবায়েদুর রহমান রানা বলেন, ‘এবারের আসরে শুটিং নেই, আরচারিও নেই। তাই আমরা ভালো ফলের প্রত্যাশা নিয়েই গ্লাসগো যাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। ব্যাটন রিলেতে থাকবেন সোনিয়া আক্তার। অ্যাথলেটিকস দল উদ্বোধনী অনুষ্ঠানের পরে গ্লাসগো পৌঁছাবে বলেই দুই দায়িত্ব দেওয়া হয়েছে সাঁতারুদের।

বক্সিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জিনাত ফেরদৌস, রাকিব হোসেন ও রুহিন রেজা। রাকিব ৫৫ কেজি এবং রুহিন ৬০ কেজি ওজনশ্রেণিতে লড়বেন।

অ্যাথলেটিকসে থাকছেন পাঁচজন। ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ও দ্রুততম মানবী শিরিন আক্তার, ৪০০ মিটারে লুশাদ ইসলাম ও নাজিমুল ইসলাম এবং মেয়েদের লংজাম্পে স্বপ্না খাতুন অংশ নেবেন।

সাঁতারে পুলে নামবেন সামিউল ইসলাম রাফি, কাজল মিয়া, সুকুমার রাজবংশী ও সোনিয়া আক্তার। জিমন্যাস্টিকসে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিশির আহমেদ, রাজিব চাকমা ও আবু সাঈদ রাফি।