Home Lead মেঘনায় ঘূর্ণিস্রোতে পাঁচ হাজার বস্তা ধান-চাল নিয়ে কার্গোডুবি

মেঘনায় ঘূর্ণিস্রোতে পাঁচ হাজার বস্তা ধান-চাল নিয়ে কার্গোডুবি

3


ঢাকা অফিস।।
চাঁদপুরের মেঘনা নদীতে প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে পাঁচ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

বুধবার (৮ জুলাই) সকালে পুরানবাজার ঘাটসংলগ্ন তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার পাবনা থেকে তিন হাজার ৫০০ বস্তা চাল এবং এক হাজার ৫০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশে যাত্রা করে। বুধবার সকালে পুরানবাজার ঘাটের কাছাকাছি পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটি উল্টে পানিতে ডুবে যায়।


তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কার্গোতে থাকা পাঁচজন শ্রমিক দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে নিয়ে ভিড়িয়ে রাখা হয়।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের সাতজন ব্যবসায়ীর মালামাল। এ ঘটনায় তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, কার্গোডুবির বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেটি। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।