Home আঞ্চলিক ‘বিয়ে বহির্ভূত সম্পর্কের’ অভিযোগে স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশন

‘বিয়ে বহির্ভূত সম্পর্কের’ অভিযোগে স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশন

8


বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে স্বামীর সংসারে ফিরে যাওয়ার দাবিতে অনশনে বসেছেন ইন্টার্ন চিকিৎসক বন্যা মজুমদার। বৈরী আবহাওয়ার মধ্যেও অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে এই অনশন শুরু করেন উপজেলার পুটিয়া এলাকায় স্বামী ডা. শতদল মণ্ডলের বাড়ির সামনে।

ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মণ্ডল তাদের এক আত্মীয়ের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে রয়েছেন। বিষয়টি জানার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়।

বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ডা. বন্যার ভাষ্য, ‘আমি কোনো সংঘাত চান না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বামীর সঙ্গে আবার সংসার করতে চাই। ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

স্থানীয় বাসিন্দা অমল কুমার বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এলাকায় ডা. বন্যাকে নিয়ে নানা ধরনের কথা ছড়ানো হলেও সেগুলোর সত্যতা পাওয়া যায়নি।

তার দাবি, বরং ডা. বন্যাকে সংসার থেকে দূরে রাখা হয়েছে। দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মণ্ডল জানিয়েছেন, তার স্ত্রী অনশনে বসেছেন, বিষয়টি তিনি জানেন না। এ ছাড়া তিনি স্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন। আইনজীবীর পরামর্শে তিনি গণমাধ্যমে আর কোনো মন্তব্য করতে চান না।

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস জানিয়েছেন, বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারকে ঘিরে বিভিন্ন অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

তার ভাষ্য, ‘সবকিছু যাচাই-বাছাই করেই শতদল মণ্ডলের সঙ্গে বন্যা মজুমদারের বিয়ে দেওয়া হয়েছিল।’